২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে পাহাড় ধসে মা-ছেলের মৃত্যু

প্রবল বর্ষণের কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড় ধসে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

বান্দরবান, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড় ধসে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই জন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বান্দরবান-রোয়াংছড়ি সড়কের রামজাদী এলাকায় পেশকার ঘোনায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনমজুর আবুল বশারের স্ত্রী রাহেজা বেগম (৩০) ও তার আট মাস বয়সী ছেলে আবু বক্কর। বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আবছার ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে কাঁচাঘরে থাকা দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাশের একটি ঘরে থাকা মা ও মেয়ে। দমকল বাহিনীর কর্মীরা তাদের উদ্ধার করেছে।" এর আগে আবছার জানিয়েছিলেন পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত আবদুস শুক্কুরের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও তার দেড় বছর বয়সী মেয়ে শারমিন আক্তারকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নুরুল আবছার জানান, পাহাড়ের পাদদেশে ও নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রসহ নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য ওই এলাকায় মাইকিং করা হয়েছে। এদিকে টানা বর্ষণের ফলে বান্দরবান-চন্দ্রঘোনা-রাঙামাটি সড়কের পুলপাড়া এলাকায় একটি সেতু ডুবে যাওয়ায় এ সড়কে দুপুর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগও দুপুর থেকে বন্ধ হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯০৮ ঘ.