২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মীনা বাজারকে জরিমানা

কেএফসিকে জরিমানার পরদিন চেইন শপ মীনা বাজারের চট্টগ্রাম শাখাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেএফসিকে জরিমানার পরদিন চেইন শপ মীনা বাজারের চট্টগ্রাম শাখাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আঙুর ও কিসমিসে ফরমালিনের উপস্থিতি পাওয়ায় এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় মীনা বাজারকে ৬০ হাজার টাকা জরিমান করা হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুকিতুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। চেইন ফাস্ট ফুড শপ কেএফসির চট্টগ্রাম শাখাকে খাবারের মান ঠিক না থাকায় রোববার ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট মুকিতুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ষোলশহর এলাকায় চেইন শপ মীনা বাজারে আম ও মাছে ফরমালিন পাওয়া যায়নি। তবে আঙুর ও কিসমিসে ব্যাপক ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। মীনা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত চিনি সরকার নির্ধারিত দামের (৬৫ টাকা) বদলে ৭৩ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল বলে জানান মুকিতুল। এছাড়া একটি ব্র্যান্ডের শেভিং লোশনের প্যাকেটের গায়ে ১২০ টাকা দাম লেখা থাকলেও মীনা বাজারে তা বিক্রি হচ্ছিল ১৪০ টাকায়। তিনি বলেন, "তবে মীনা বাজারের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন।" মীনাবাজারে বেশি দরের চিনির পাশাপাশি সরকার নির্ধারিত ৬৫ টাকা কেজি দরের চিনিও ছিলো। একই ভ্রাম্যমাণ আদালত নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করে। জেমকন গ্র"পের মালিকানাধীন চেইন শপ মীনা বাজারের রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে শাখা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/এমআই/২১০০ ঘ.