বগুড়া অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় এক শিক্ষানবিস চিকিৎসককে অপহরণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শহরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণ কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হয়েছেন শহরের চকসুত্রাপুর এলাকার শিবলী সাদিক (২৮), রাজিব পার্থ (২৯), আশরাফুল আমিন রোমান (২৬) ও অ্যাম্বুলেস চালক শহরের ছিলিমপুর এলাকার লিমন (২৮)।
গত ১ জুলাই শিক্ষানবিস চিকিৎসক রোকনুজ্জামান সোহাগকে (২৭) অপহরণ করা হয়। ৫ জুলাই রাতে তাকে বগুড়া শহরের নামাজগড় কবরস্থানের কাছে রেখে যায় অপহরণকারীরা।
বগুড়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আরিফুর রহমান জানান, শহরের নারুলী এলাকার সামছুল আলমের ছেলে রোকনুজ্জামান সোহাগ ঢাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে দন্ত বিভাগের শিক্ষানবিস চিকিৎসক।
গত ১ জুুলাই বগুড়া এলে সোহাগকে অপহরণ করে তার পরিবারের সদস্যদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
এরপর সোহাগের বাবা বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৩২ ঘ.
bdnews24