২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে হত্যার প্রতিবাদ ছাত্রজোটের

দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে ছাত্র ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে ছাত্র ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এক্ষেত্রে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রগতিশীল ছয় ছাত্র সংগঠনের এ জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম বলেন, "নোয়াখালীতে এক কিশোর এবং আমিনবাজারে ছয় ছাত্র হত্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। "সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার এখন রক্ষিত হচ্ছে না।" লিমনের ওপর র‌্যাবের নির্যাতন এবং ঢাবি ছাত্র আবদুল কাদেরের ওপর পুলিশি নির্যাতনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ী কিংবা গুটিকয়েক সন্ত্রাসী নয়, রাষ্ট্রীয় অস্ত্রধারী বাহিনীও এখন লাইসেন্সধারী চাঁদাবাজ-হত্যাকারী হিসেবে দেখা দিয়েছে। জোটের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধিরও প্রতিবাদ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/১৯২৩ ঘ.