ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছে। রোববার গভীর রাতে ওই ঘটনায় আহত হয়েছে আরেক যুবক।
পুলিশ বলছে, ডাকাতির চেষ্টার সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। এই অভিযানে আরো দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মিরপুর থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের নাম নূর হোসেন (৩২)। আহত কালাবাবু (২৫) রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গ্রেপ্তার দুই জন হলেন- আব্দুর রশিদ (৪০) ও রনি ওরফে আরিফ (২৫)।
পুলিশের দাবি, এই ঘটনায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নবী, সহকারী উপপরিদর্শক (এএসআই) জামিল হোসেন এবং কনস্টেবল আহমদ উল্লাহ আহত হয়েছেন। তবে তাদের কেউ গুলিবিদ্ধ হননি।
ওসি ওয়াজেদ আলী বলেন, "তারা সামান্য আহত হয়েছেন।"
এসআই গোলাম নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে ৫/৬ জন যুবক একটি প্রাইভেট কারে করে কল্যাণপুর পোড়াবস্তির কাছে যায়। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়।
নবী বলেন, "তারা প্রায় ১৫/১৬ রাউন্ড গুলি করে। এ সময় দুইজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।"
গ্রেপ্তার চার জনের মধ্যে নূর হোসেন ও কালাবাবুকে গুলিবিদ্ধ অবস্থায় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভোরে নূর হোসেন মারা যায় বলে ওসি ওয়াজেদ আলি জানান।
তিনি বলেন, "ছিনতাই করা একটি গাড়ি নিয়ে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। তাদের কাছ থেকে পাঁচ রাউণ্ড গুলিসহ একটি পিস্তল, দুটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।"
তবে সোমবার বিকাল পর্যন্ত পুলিশ প্রাইভেট কারের মালিকের নাম জানতে পারেনি।
ওয়াজেদ আলী বলেন, রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা কালাবাবুর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া নিহত নূর হোসেনসহ গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য অভিযোগ।
অবশ্য হাসপাতালে চিকিৎসাধীন কালাবাবুর পরিবার বলছে, সে নির্দোষ।
নিহত নূর হোসেন এবং গ্রেপ্তার রনি ও রশিদের পরিবারের পক্ষ থেকে সোমবার বিকেল পর্যন্ত কেউ থানায় যোগাযোগ করেনি বলে পুলিশ কর্মকর্তা ওয়াজেদ আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/১৯১২ ঘ.
bdnews24