দিনাজপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত এ কর্মসূচিতে দুই বাংলার কয়েকশ' মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন দুই দেশের শিল্পী-সাহিত্যিক ও সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা।
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর কোলাঘাটের 'ভাষা ও সংস্কৃতি' নামের একটি সাংস্কৃতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
২২ শ্রাবণ শনিবার ছিলো কবির সত্তরতম প্রয়াণ দিবস। এ বছর রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী বাংলাদেশ ও ভারতে রাষ্ট্রীয় পর্যায়ে পালিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টায় কবির প্রতিকৃতিতে বিজিবি ও বিএসএফ কর্মকর্তা, শিল্পী, শিক্ষার্থীদের পুষ্পমাল্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের স্থানীয় শিল্পীগোষ্ঠী 'ছন্দম' এবং হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তারা রবীন্দ্রনাথের গান ও নৃত্য পরিবেশন করেন।
এ সময় শিল্পীদের পরনে ছিলো লাল পাড়ের হলুদ রঙের শাড়ি।
এ অনুষ্ঠানকে ঘিরে হিলি সীমান্ত এলাকা দুই বাংলার রবীন্দ্রপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের ফাঁকে অনেককেই নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন।
বেলা ১১টায় অনুষ্ঠান শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলি ক্যাম্প কমান্ডার আজাহার উদ্দীন এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হিলি ক্যাম্প কমান্ডার আর জে কানওয়ার দু'দেশের মাটি ও পানি দিয়ে শূন্য রেখায় একটি বকুল ফুলের চারা রোপণ করেন।
পশ্চিমবঙ্গের 'ভাষা ও সংস্কৃতি'র সম্পাদক কৃষ্ণেন্দু বেরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারা পৃথিবীর বাঙালির মিলনের সেতু হচ্ছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/কেএমএস/১৮২৩ ঘ.
bdnews24