২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহুদুল-আশরাফুল হুদার জামিন আবেদন ফের নাকচ

২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় পুলিশের দুই সাবেক মহাপরিদর্শক (আইজি) শহুদুল হক ও আশরাফুল হুদার জামিন আবেদন আবারো নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় পুলিশের দুই সাবেক মহাপরিদর্শক (আইজি) শহুদুল হক ও আশরাফুল হুদার জামিন আবেদন আবারো নাকচ করেছে আদালত। তাদের পক্ষে অ্যাডভোকেট টি এম আকবর সোমবার জামিন চাইলে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক তা নাকচ করে দেন। শহুদুল, আশরাফুলসহ আরেক সাবেক আইজিপি খোদা বখশ চৌধুরী গত ৪ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই আদালতও তাদের আবেদন নাকচ করেছিল। সোমবার রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার এবং মামলার প্রধান বিশেষ কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। গত ৩ জুলাই এ মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওই তিন সাবেক আইজপিসহ পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও এ মামলার আসামি। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' লোক আহত হন। বিএনপি জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপরই সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দ মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পান। তিনি আসামির তালিকায় তারেক, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ৩০ জনের নাম যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/১৭২৬ ঘ.