২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সেমিনার

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বাংলাদেশের জনগণের মধ্যে যেদিন জাতীয় সম্পদের প্রতি মালিকানাবোধ শক্তিশালী হবে সেদিন থেকেই বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বাংলাদেশের জনগণের মধ্যে যেদিন জাতীয় সম্পদের প্রতি মালিকানাবোধ শক্তিশালী হবে সেদিন থেকেই বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে। সোমবার সকাল ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের সেমিনার কক্ষে 'বঙ্গোপসাগরে গ্যাস ব্লক ইজারা ও প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা' শীর্ষক এক সেমিনার ও মুক্ত আলোচনায় তিনি একথা বলেন। সংগঠনের জাবি শাখা আয়োজিত এ সেমিনার ও মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন শাখা আহ্বায়ক অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেশাহিদা সুলতানা ঋতু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ সফিউল্লাহ। আনু মোহাম্মদ বলেন, গত ৪০ বছরে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্র পাস করে বের হয়েছেন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ফলে প্রযুক্তিগত দুর্বলতা, আর্থিক অসংগতির কারণে দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য বিদেশি কোম্পনিগুলোকে ইজারা দেয়া হয়েছে- সরকারের এ বক্তব্য মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। সেমিনারে প্রকৌশলী কল্লোল মুস্তফা বলেন, বাংলাদেশের রিজার্ভ গ্যাসের পরিমাণ ৭ দশমিক ৩ টিসিএফটি এবং ঘাটতি ২৫০ মিলিয়ন ঘনফুট। একটি কুপ খনন করতে যেখানে বাপেক্স এবং পেট্রোবাংলার খরচ হয় ১০০ কোটি টাকা সেখানে বিদেশি কোম্পানির খরচ ১৫৩১ কোটি টাকা। তিনি জানান, পেট্রোবাংলা ও বাপেক্স এ পর্যন্ত ১৭টি কুপ সফলভাবে খনন করেছে। ফলে বঙ্গোপসাগরের গ্যাস ক্ষেত্র এসব দেশিয় প্রতিষ্ঠানকে ইজারা না দিয়ে কনকো-ফিলিসপসকে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন কল্লোল মোস্তফা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৪৭ ঘ.