ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে একটি পোশাক কারখানার হিসাবরক্ষককে গুলি করে প্রায় ৩৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
সোমবার দুপুর ২টার দিকে কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ 'মাস্টার গার্মেন্ট অ্যান্ড ফ্যাশন'র প্রধান হিসাবরক্ষক খায়রুল হোসেন চৌধুরীকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৈরি পোশাক কারখানাটির কর্মকর্তা সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মতিঝিল প্রাইম ব্যাংকের প্রধান শাখা থেকে ৩৬ লাখ ৮০ হাজার টাকা তুলে একটি প্রাইভেট কারে চড়ে তিনি (সেলিম), কারখানার পরিচালক হুমায়ুন কবীর এবং খাইরুল মাতুয়াইলে ফিরছিলেন।
"পথে ৭/৮টি মটর সাইকেলে করে সন্ত্রাসীরা আমাদের গাড়ি থামিয়ে প্রথমে আমাকে শার্টের কলার টেনে গাড়ি থেকে নামায়। এরপর পেছনের সিট থেকে হুমায়ুন কবীরকে নামায়। তারপর খায়রুলের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে", বলেন তিনি।
খায়রুল বাধা দেওয়ায় তার পায়ে সন্ত্রাসীরা গুলি চালায় বলে সেলিম জানান।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারি অঞ্চলের উপকমিশনার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোট ৩৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
সন্ত্রাসীদের ধরতে পুলিশের গোয়েন্দা দল কাজ শুরু করেছে বলে জানান তিনি।
সাধারণত ব্যাংক থেকে ১০ লাখ টাকার ওপরে তুললে তা নিতে সহায়তা দেয় পুলিশ। এখন থেকে এর চেয়ে কম টাকা তুললেও সহায়তা দেওয়া হবে বলে মোজাম্মেল জানান।
তিনি বলেন, "যদি তিন লাখ টাকাও ব্যাংক থেকে তোলেন, তবুও পুলিশের সাহায্য নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এলএইচ/আরএম/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24