২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্শাল ল-ইমার্জেন্সির স্কোপ নেই, নির্বাচন যথাসময়ে: সিইসি

সরকার ও বিরোধী দলের টানাপড়েন চললেও প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আশা করছেন, দশম সংসদ নির্বাচন যথাসময়েই হবে। সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির কোনো শঙ্কাও দেখছেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 09:57 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও বিরোধী দলের টানাপড়েন চললেও প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা আশা করছেন, দশম সংসদ নির্বাচন যথাসময়েই হবে। সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির কোনো শঙ্কাও দেখছেন না তিনি। সিইসি বলেন, "২০১৪ সালে নির্বাচন হবে। এ নিয়ে সন্দেহ নেই। তবে কীভাবে হবে, তা তো ধারণা করে এখনি বলতে পারছি না। তবে আবার সামরিক শাসন ও জরুরি অবস্থা- এসবের আর কোনো স্কোপ নেই। ওই সময় আমরা পার করে দিয়েছি।" বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকারণ শীর্ষক এ মতবিনিময় সভার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর বিএনপির নির্বাচন বয়কটের হুমকির মধ্যেই এ কথা বললেন সিইসি। বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না তারা। শামসুল হুদা বলেন, দশম সংসদ কীভাবে হবে তা নির্ধারণ করতে রাজনৈতিক দলগুলোকেই এগিয়ে আসতে হবে। তিনি আশাবাদী, আগামী দুই-আড়াই বছরের মধ্যে এর সমাধান হবে। ২০১৪ সালে জানুয়ারি পর্যন্ত এ সরকারের মেয়াদ থাকলেও সংশোধিত সংবিধান অনুযায়ী ২০১৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করেন সিইসি। তিনি বলেন, "বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জনগণও অনেক সচেতন হয়ে গেছে। নির্বাচন কমিশনও শক্তিশালী হচ্ছে। রাজনৈতিক কোলাহল করে দেশকে পিছিয়ে দেওয়ার আর অবকাশ নেই।" দাতা সংস্থা ও সরকারের অনুদানে ইসি ১৪০ কোটি টাকার এসইএমবি প্রকল্প নিয়েছে। জাতীয় অর্থনৈতিক সম্মেলন (এনইসি) কক্ষে সোমবার আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের পরিচিতি অনুষ্ঠান হয়। এতে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিক, ইউএনডিপি'র স্টিফেন প্রিজনারসহ দাতা সংস্থা, বেসরকারি সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিসেম্বর পর্যন্ত বিএনপির সুযোগ থাকছে ইসির ধারাবাহিক সংলাপ ফলপ্রসূ হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বরের মধ্যে আইনি সংস্কার প্রস্তাবগুলো চূড়ান্ত করে সরকারের কাছে পেশ করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগও আইনি সংস্কারে বিরোধী দলসহ সবার মত নেওয়ার বিষয়ে জোর দেন। এ বিষয়ে সিইসি বলেন, "বিএনপি যদি মত পাল্টে ইসির সঙ্গে ডিসেম্বরের মধ্যে বসতে চায়- কোনো অসুবিধা নেই। আমরা সব সময় ওপেন।" গত দুই মাসব্যাপী ইসি নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে বিভিন্ন বিষয়ে সংলাপ করে। বিএনপিসহ সাতটি দল ইসির সংলাপে যায়নি। "সবার মত নিয়ে আইন করা যায় না, সবার একরকম মতও হবে না। আমাদের স্ট্রাটেজিই এমন- সবার মতামত নেবো, তারপর তা পর্যালোচনা করে চূড়ান্ত করবো", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০৯ ঘ.