চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষ কী পরিমাণ খাবে বাণিজ্যমন্ত্রী তার একটা তালিকা করে দিলে ভাল হতো।
রোববার চট্টগ্রামে বিএনপির এক মানববন্ধন শেষে সাংবাদিকদের সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, "বাণিজ্যমন্ত্রী বলেছেন কম খেতে। দেশের মানুষ কী পরিমাণ খাবে তার একটা লিস্ট করে দিলে ভালো হতো।"
ভেজাল প্রতিরোধে করণীয় নিয়ে এক আলোচনায় বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "আমি বললে তো আপনার রাগ করবেন। কম খান।"
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 'রাষ্ট্রীয় সন্ত্রাস', গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট এবং দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, "দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মধ্যবিত্ত এবং নিুমধ্য বিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।"
"তাই মানুষের মনের কথা বলার জন্য বিরোধী দল হিসেবে রাস্তায় নেমেছি।"
দুপুর ২টায় শুরু হওয়া এ মানবন্ধন কর্মসূচি ১৫ মিনিট স্থায়ী হয়। নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটারব্যাপী এ মানববন্ধনে নগরীর ৪১ ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেয় বলে বিএনপিনেতারা দাবি করেছেন।
তবে অনেক স্থানেই নেতা-কর্মীদের দেখা যায়নি। পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মানবন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
হাইকোর্টে মঙ্গলবার বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের হট্টগোল এবং এ প্রেক্ষিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার প্রসঙ্গে আমীর খসরু বলেন, "মহাজোট সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাসের জন্ম দিয়েছে। আর দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রাতিষ্ঠানিক রূপ দিল।"
মানববন্ধনে অন্যদের মধ্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির, শ্রমিক নেতা কাজী বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১১১ ঘ.
bdnews24