২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে নদীতে মরা হরিণ

সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি সংলগ্ন নদীতে ভেসে গেছে কয়েকটি মরা হরিণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সাতক্ষীরা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি সংলগ্ন নদীতে ভেসে গেছে কয়েকটি মরা হরিণ। রোববার সকালে জলদস্যু জুলফু বাহিনীর সাথে চোরা শিকারীদের বন্দুকযুদ্ধের পর নদীতে মরা হরিণ ভেসে যেতে দেখা যায়। অভয়ারণ্য পুস্পকাটি এলাকায় মাছ ধরতে যাওয়া জেলে শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রহমত আলী গাজী, কাশেম গাজী, সোরা গ্রামের ইনতাজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, পুষ্পকাটি বনে ৭/৮ জনের একটি চোরা শিকারী দল হরিণ শিকার করছিল। তারা রোববার সকালে সুন্দরবনের জলদস্যু জুলফু বাহিনীর সামনে পড়ে যায়। এ সময় তাদের মধ্যে বন্দুকযুদ্ধ বেঁধে যায়। একপর্যায়ে চোরা শিকারীরা পিছু হটে। সম্ভবতঃ তারা তাদের শিকার করা হরিণ পুষ্পকাটি নদীতে ফেলে পালিয়ে যায়। জেলেরা জানায়, তারা নদীতে দুটি হরিণ ভেসে যেতে দেখেছে। বিষয়টি বন বিভাগের স্থানীয় টহল ফাঁড়িতে জানানো হয়। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন, ঈদ সামনে রেখে কয়েকটি চোরা শিকারী দল বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে হরিণ শিকার করে চলেছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর খোঁজ-খবর নেয়া হচ্ছে। ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১০ ঘ.