ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক দখলে রাখা ও বিক্রির অভিযোগে বঙ্গবন্ধু হত্যামামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সুলতান শাহরিয়ার রশিদের মেয়ে শেহনাজ রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সাত দিন আবেদনে ঢাকার মহানগর হাকিম মো.এরফানউল্লাহ একদিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন। এ ঘটনায় গ্রেপ্তার বাকি তিন জনকে কারাগারে পাঠানোর নির্দেশ তিনি।
এ সময় আসামিদের পক্ষে তাদের আইনজীবী হাফিজুর রহমান জামিন আবেদন জানালে তা নাকচ করেন বিচারক।
শনিবার ভোররাতে ধানমণ্ডির একটি বাড়ি থেকে ইয়াবা সেবনরত অবস্থায় শেহনাজসহ (২৮) তার সঙ্গী তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- তাইয়েব জামান, মাহবুব হোসেন ও তৌহিদুল ইসলাম।
মাদক দখলে রাখা ও বিক্রির অভিযোগে চার জনের বিরুদ্ধে ধানমণ্ডি থানায় মামলাটি হয়।
বঙ্গবন্ধু হত্যামামলার চূড়ান্ত নিষ্পত্তির পর গত বছর শেহনাজের বাবা সাবেক সেনা কর্মকর্তা সুলতান শাহরিয়ার রশিদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭১০ ঘ.
bdnews24