মৌলভবিাজার, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন কাটা পড়ায় শনিবার ভোর ৫টা থেকে মৌলভীবাজারের সঙ্গে বাইরের টেলিযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সকাল থেকে বিটিসিএল'র প্রকৌশলীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজার পর্যন্ত বিস্তৃত এই লাইনের ত্রুটি সারানোর কাজ করছেন।
তবে কবে নাগাদ এই ত্রুটি সারানো সম্ভব হবে তা জানাতে পারেননি বিটিসিএল'র সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজার পর্যন্ত বিস্তৃত ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন কাটা পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে কীভাবে বা কী কারণে এ লাইন কাটা পড়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৯ ঘ.
bdnews24