২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয়রা বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক শনিবার দুই ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 09:19 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নোয়াখালী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয়রা বেগমগঞ্জ-লক্ষ্মীপুর সড়ক শনিবার দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এতে লক্ষ্মীপুর থেকে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীগামী শতাধিক গাড়ি আটকা পড়ে। পুলিশ জানায়, শনিবার সকাল ১১টা থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টায় বাংলাবাজার এলাকায় বিক্ষুব্ধ লোকজন বড় বড় গাছের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বোঝালে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নেয়। অবরোধ তুলে নেওয়ার পরে দুপুর দেড়টা নাগাদ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আলী হোসেন। খুলনায় অবস্থান ধর্মঘট খুলনা শহরে বিদ্যুতের ঘাটতি এবং রমজানে সেহেরি, ইফতার ও তারাবির সময়ে লোডশেডিং বন্ধের দাবিতে শনিবার সকালে অবস্থান ধর্মঘট পালন করে খুলনা নাগরিক সমাজ। সকাল ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান ধর্মঘটের সময় বক্তারা রামপালে তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিপক্ষেও মত দেন। তারা বলেন, এ প্রকল্পটি সুন্দরবন সংলগ্ন এলাকার বাইরে করা দরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫১৩ ঘ.