২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়াণ দিবসে নানা কর্মসূচিতে স্মরণ রবিঠাকুরকে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে নানা কর্মসূচিতে। বাংলা পঞ্জিকা অনুযায়ী বাইশে শ্রাবণ বাঙালির প্রাণের কবি পৃথিবী ছেড়ে চলে গেলেও অসামান্য রচনা ও কাজের মধ্যে দিয়ে প্রেরণার এক অন্তহীন উৎস হয়ে আজো বেঁচে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে নানা কর্মসূচিতে। বাংলা পঞ্জিকা অনুযায়ী বাইশে শ্রাবণ বাঙালির প্রাণের কবি পৃথিবী ছেড়ে চলে গেলেও অসামান্য রচনা ও কাজের মধ্যে দিয়ে প্রেরণার এক অন্তহীন উৎস হয়ে আজো বেঁচে আছেন। রবিঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। তবে রমজানের কারণে এবারের আয়োজন বেশ সীমিত করা হয়েছে। সঙ্গীত, আবৃত্তি, নৃত্যসহ নানা আয়োজনে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানাবে শিল্পকলা একাডেমি। রোববার সকাল ১১টায় বাংলা একাডেমীর সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সঙ্গীতানুষ্ঠান হবে। এছাড়াও বিভিন্ন সংগঠন দিবসটি পালন করছে। রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলোও প্রচার করছে অনুষ্ঠানমালা। রবিঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে, সমৃদ্ধ করেছে। আনন্দে-বেদনায়, এমনকি দ্রোহে এখনো এখনো তিনি বাঙালির প্রেরণার উৎস। তার লেখা গান বাঙালি হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজো। রবীন্দ্রনাথ আমাদের মমন-মানসিকতা গঠনের এবং চেতনার উন্মেষের প্রধান অবলম্বন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাও তিনি। গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় নন্দিত তিনি। উনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমাংশে বাংলা সাহিত্য ও সঙ্গীতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের লেখা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছে। ১৯১৩ সালে 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে তার নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিলো বিশ্বের গৌরব। ১৮৬১ সালে ৮ মে (বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ) কলকাতার ঐতিহ্যবাহী জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। সেই বাড়িতেই ১৯৪১ সালের এই দিনে (বাংলা ১৩৪৮ সালের ২২শে শ্রাবণ) পৃথিবী থেকে প্রস্থান করেন মৃত্যুঞ্জয়ী এ মহাপ্রাণ। কৈশোর পেরোনোর আগেই বাংলা সাহিত্যের দিগন্ত বদলে দিতে শুরু করেন তিনি। তাঁর পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে পরিণত হয়েছে বাঙালির শিল্প-সাহিত্য। বাংলা ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসঙ্কলন প্রকাশিত হয়েছে। তান সর্বমোট ৯৫টি ছোটগল্প 'গল্পগুচ্ছ' এবং ১৯১৫টি গান 'গীতবিতান' সঙ্কলনে অন্তর্ভূক্ত রয়েছে। রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা, চিত্ররূপময়তা, আধ্যত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোমান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা। রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক। জীবনের শেষ দিকে এসে ছবি আঁকার ব্যাপারে আগ্রহ বাড়ে তার। প্রায় সত্তর বছর বয়সে নিয়মত ছবি আঁকা শুরু করেন তিনি। ১৯২৮ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত তাঁর আঁকা স্কেচ ও ছবির সংখ্যা আড়াই হাজারের বেশি। তার আঁকা ছবিতে আধুনিক বিমূর্ততা বেশি প্রস্ফুটিত হয়েছে। কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্পর্কেও নিজ মতামত প্রকাশ করেছিলেন। এর পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। কিন্তু ১৯১৯ সালে জালিওয়ানওয়ালাাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি বর্জন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১১২৫ ঘ.