চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব ও পুলিশ পরিচয়ে নগরীতে ছিনতাইকারী সন্দেহে বৃহস্পতিবার রাতে চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
কাপাসগোলা এলাকার জামতল মসজিদ সংলগ্ন কবরস্থান এলাকা থেকে তদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন শহিদুল ইসলাম ওরফে আপেল মিন্টু (৩৫), আব্দুল হাকিম ওরফে পুলিশ হাকিম (৩৩), বেটা আকবর (৩০) ও মো. খালেদ হোসাইন (৩০)।
তাদের কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, একটি হাতকড়া, দু'টি কার্তুজ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি, উত্তর) আমেনা বেগম।
আমেনা বেগম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জামতল মসজিদ সংলগ্ন কবরস্থানের ফুটপাতে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়।
তিনি বলেন, এ ধরনের চক্রের সদস্যদের ধরতে শিগগিরই আরো অভিযান চালানো হবে। আরো কিছু সন্ত্রাসী এ ধরনের কাজে জড়িত আছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আব্দুল মান্নান জানান, ঈদের আগে এ ধরনের অপরাধীরা বড় অঙ্কের টাকা বহনকারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে সোর্স নিয়োগ করে। টাকা নিয়ে কোনো ব্যক্তি যাওয়ার সময় সোর্স মারফত খবর পেয়ে দুর্বৃত্তরা আগে থেকেই ওই পথে অবস্থান নেয়।
মান্নান আরো বলেন, তারা হাতকড়া, ওয়াকিটকি ও অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ ও র্যাব পরিচয় দিয়ে গাড়ি থামিয়ে তাদের সঙ্গে যেতে বাধ্য করে টাকার মালিককে। পরে সুবিধাজনক স্থানে গিয়ে টাকা ছিনিয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএম/ডিডি/০০২৩ ঘ.
bdnews24