ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িচালকের লিফটে চড়া নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী দুই ভাই-বোনকে মারধরের অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ক্যাপ্টেনের বিরুদ্ধে।
শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানে এ ঘটনা ঘটে।
বেক্সিমকো টেক্সটাইলসের কর্মকর্তা সৈয়দা সামিরা শারমিন ও তার ভাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মনিরুল হোসেন এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন আরিফ হোসেনের বিরুদ্ধে গুলশান থানায় অভিযোগ করেছেন।
আহত দুই ভাইবোন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তাদের অভিযোগের বরাত দিয়ে গুলশান থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) মো. শাহনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলশান-২ এর ৬৮/এ সড়কের ১৩/এ নম্বর বাড়ির বাসিন্দা শারমিনের গাড়িচালক মনির হোসেন শুক্রবার লিফটে চড়লে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন আরিফ। এক পর্যায়ে শারমিন ও মনিরুলকে মারধর করেন তিনি।
আহতরা এর আগেও ওই ক্যাপ্টেনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন বলে জানান শাহনুর।
মনিরুল হোসেন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, আরিফ হোসেন লিফটে মনিরকে দেখে বলে, "তুই কেন লিফটে উঠেছিস। তুই সিড়ি দিয়ে নিচে যেতে পারিস না?
"তারপর মনিরকে কিল-ঘুষি শুরু মারতে করেন তিনি। তখন আমরা ঘটনাস্থলে গেলে আমাদের দুই ভাই-বোনকেও মারে সে।"
শাহনুর জানান, ওসি থানায় না থাকায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/০০২২ ঘ.
bdnews24