২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি ফিরল

ভারতে পাচার হওয়া নয় নারী ও একজন শিশুকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

বেনাপোল, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে পাচার হওয়া নয় নারী ও একজন শিশুকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের বাংলাদেশ মহিলা আইনজীবী নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কাছে হস্তান্তর করা হবে বলে বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছে। এরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার রোকসানা শিকদার ওরফে মেঘলা ও তার মেয়ে নয়ন (২), যশোরের শার্শার রোজিনা মোল্লা, সালমা কারিগর, বেনাপোলের আরবিনা খাতুন, খুলনার রাবিয়া খাতুন, সাতক্ষীরার কলাপাড়ার উর্মি খাতুন, সুনামগঞ্জের বাথগার রনিয়া গ্রামের আসমা বেগম, ঢাকার চরসতীশপুরের রেশমা খাতুন ও সাতক্ষীরার শ্যামনগরের আসিয়া খাতুন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক আলী আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরি পাওয়ার নামে প্রতারিত এসব নারী পাচার হয়ে ভারতে পুলিশের হাতে আটক হয়। এরমধ্যে কয়েকজন বিভিন্ন মেয়াদে কারাভোগ করে এবং কয়েকজন শেল্টার হোমে ছিল। তিনি আরো বলেন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে দু'দেশের মধ্যে দীর্ঘদিন চিঠি চালাচালি পর এরা মুক্তি মেলে। পোর্ট থানা পুলিশের মাধ্যমে মহিলা আইনজীবী সমিতি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। পোর্ট থানার ওসি শামিম মুছা জানান, দু'দেশের আইনি জটিলতা শেষে দেশে ফেরা এসব বাংলাদেশি নারী এখন থানায় আছে। পরে মহিলা আইনজীবী সমিতির মাধ্যমে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা কিংবা শেল্টার হোমে রাখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.