নারায়ণগঞ্জ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে মুড়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নজরুল ইসলামের লাশ পাওয়া যায়।
নজরুল মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি গঙ্গানগর গ্রামের সামসুউদ্দিন বেপারীর ছেলে।
এদিকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।
নিহতের স্ত্রী বিলকিস বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাদের বসতবাড়ি দখল করে প্রতিবেশী আমজাদ সেখানে খুঁটি লাগানোর চেষ্টা করলে নজরুল বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জেরে শুক্রবার ভোর ৩টার দিকে আমজাদ লোকজন নিয়ে নজরুলকে বাসা থেকে ডেকে পাশের শীতলক্ষ্যা নদীর চরে নিয়ে দুই হাত ও পায়ের রগ কেটে হত্যা করে।
রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে নজরুল ইসলাম খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নজরুল ইসলামের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে আমজাদকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.
বিকেল পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
bdnews24