২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে স্কুলছাত্রকে গলা কেটে হত্যা

মেহেরপুরের গাংনীতে চরমপন্থীরা গলা কেটে হত্যা করেছে ইরান-উল হক (১২) নামের এক স্কুলছাত্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

মেহেরপুর, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনীতে চরমপন্থীরা গলা কেটে হত্যা করেছে ইরান-উল হক (১২) নামের এক স্কুলছাত্রকে। সে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা রাধাগোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। শুক্রবার সকালে বিদ্যালয়ের পাশের একটি ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ইরানের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার বিকালে সে বন্ধুদের সাথে বাড়ির কাছেই স্কুলমাঠে খেলা করছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায়। শুক্রবার গ্রামবাসী তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানায়, ২০০৮ সালের রমজান মাসে চরমপন্থীরা ইরানের পিতা এমদাদুল হক ও দুই চাচাকে একইভাবে গলা কেটে হত্যা করে। এমদাদুল হক ধলা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলো। গ্রামে আধিপত্য বিস্তার ও নির্বাচনে চরমপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে চরমপন্থী দুখু বাহিনীর সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। দুখু বাহিনীর কয়েকজন সদস্যকে পুলিশে ধরিয়ে দিলে দুখু বাহিনীর সদস্যরা ভারতে গিয়ে আশ্রয় নেয়। এর প্রতিশোধ নিতে দুখু বাহিনীর সদস্যরা ২০০৮ সালে দেশে এসে ৩ জনকে হত্যা করে আবার ভারতে চলে যায়। এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিল এই ইরান-উল-হক। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, সম্প্রতি ভারতের কৃষ্ণনগর থানা পুলিশ সেখানে পালিয়ে থাকা বাংলাদেশের সন্ত্রাসী মিনহাজুল হক দুখুকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাকে এদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধলা গ্রামের ওই তিন খুনের প্রত্যক্ষদর্শী ছিল শিশু ইরান। এই কারণে দুখু বাহিনী এই শিশুটিকে হত্যা করে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০০ ঘ.