গাজীপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরল বর্জ্য ফেলে নদী দূষণের অভিযোগে গাজীপুর ও নরসিংদীর দুটি ডাইং কারখানাকে ৪৩ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার অভিযান চালিয়ে ব্রহ্মপুত্র নদের পানি দূষণের অভিযোগে গাজীপুর সদর উপজেলার শরীফপুরের ইউনিমেক্স টেক্সটাইল এবং শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে নরসিংদী সদরের মাসকো এক্সপোর্টস লিমিটেডকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়াই বে-আইনিভাবে গড়ে ওঠা ডাইং কারখানা ইউনিমেক্স'র দূষিত তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে ও মাসকো এক্সপোর্টস'র দূষিত তরল বর্জ্য ব্রহ্মপুত্র নদে ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করা হয়েছে।
ইউনিমেক্স টেক্সটাইল লিমিটেড ২০০৪ সাল থেকে প্রায় আট বছর এবং মাসকো এক্সপোর্টস লিমিটেড ২০০৭ সাল থেকে প্রায় পাঁচ বছর ধরে নদী দূষণ করছিলো।
ইউনিমেক্সে প্রতিদিন ১২ মেট্রিক টন ফেব্রিক্স এবং মাসকোয় প্রতিদিন ২৪ হাজার পাউন্ড তোয়ালে ডাইং করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে ইউনিমেক্স টেক্সটাইল মিলস লিমিটেডকে ৩৯ লাখ ৪০ হাজার ও মাসকো এক্সপোর্টস লিমিটেডকে নয় লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কারখানা দুটিকে তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং ইটিপি ছাড়া ডাইং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/২২০৪ ঘ.
bdnews24