বাগেরহাট, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাছের মহিলা মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক শ্রেণীর এক ছাত্রী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে বুধবার কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ কলেজ ছাত্রীর বড় ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বোন রোববার বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। দুপুরে সে বাড়ি ফিরে না আসায় বিকালে তিনি কলেজে খোঁজ নেন। কলেজ থেকে তাকে জানানো হয়, ওই দিন তার বোন কলেজে যায়নি।
ছাত্রীটির ভাই জানান, তার বোন বিবাহিতা। তার নিখোঁজ হওয়ার রহস্য কী, সে সম্পর্কে পরিবারের সদস্যরা কোনো ধারণা করতে পারছেন না।
শহীদ শেখ আবু নাছের মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার জানান, মাত্র এক মাস আগে ছাত্রীটি মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয়েছে।
অধ্যক্ষ আরো জানান, উপস্থিতি খাতায় দেখা যায় ৩১ জুলাই সে কলেজে অনুপস্থিত ছিল।
কচুয়া থানার ওসি আ স ম খায়রুল আনাম জানান, কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় করা জিডি'র সূত্র ধরে সব পুলিশ স্টেশনে বার্তা পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২৭ ঘ.
bdnews24