ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ যে সব দল তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দেয়নি, তারা ১৫ সেপ্টেম্বরের মধ্যে তা দিতে পারবে।
দলগুলোর আবেদনে এ সময় দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন।
বৃহস্পতিবার কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয় উল্লেখ করে এই নির্বাচন কমিশনার জানান, নির্ধারিত সময় ৩১ জুলাইয়ের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২১টি দল তাদের বার্ষিক হিসাব ইসিতে জমা দেয়।
বিএনপিসহ ১৬টি দল সময় চেয়ে আবেদন করে। হিসাব জমা দেওয়ার বিষয়ে কোনো কিছু অবহিত না করায় একটি দলকে 'ডিফল্টার' তালিকা রাখা হয়েছে।
ছহুল বলেন, "নির্ধারিত সময়ে যারা দলের অডিট রিপোর্ট জমা দিয়েছে তাদের সাধুবাদ জানাই। বর্ধিত সময়ে বাকি দলগুলোকে প্রতিবেদন জমা দিতে হবে। তবে ডিফল্টার দলটির কাছ থেকে আর হিসাবও নেওয়া হবে না।"
রাজনৈতিক দলগুলোর ভেতরে আর্থিক স্বচ্ছতা আনতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পরপর দুই বার হিসাব দাখিলে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলেরও বিধান রয়েছে।
২০০৮ সালে প্রথমবারের রাজনৈতিক দলের নিবন্ধনের পর বার্ষিক লেনদেনের হিসাব জমা দেওয়ার জন্য কয়েকটি দলের আবেদনে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছিল ইসি। ওই বর্ধিত সময়ে নিবন্ধিত ৩৮টি দলই অডিট রিপোর্ট জমা দেয় বলে ইসি কর্মকর্তারা জানান।
বিএনপি, জাতীয় পার্টি (জেপি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বিকল্পধারা বাংলাদেশ, গণফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি সময় বাড়াতে আবেদন করে।
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ইসিকে কোনো কিছুই জানায়নি।
২১ দলের প্রতিবেদন জমা: অডিট রিপোর্ট জমা দেওয়া ২১টি দল হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), গণফোরাম, প্রগতিশীল গণতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি ও খেলাফত মজলিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৩৪ ঘ.
bdnews24