ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজলাসে বিশৃঙ্খলার মামলার আসামি বিএনপি সমর্থক ১৩ আইনজীবীর জামিনের আবেদনের শুনানিতে বিব্রত বোধ করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
মঙ্গলবারের ঘটনায় বুধবার ওই আইনজীবীরা জামিন চেয়ে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চে আবেদন করেন।
বৃহস্পতিবার শুনানির পর আদালত জানায়, এ আবেদনের শুনানিতে বেঞ্চের এক জন বিচারক বিব্রত বোধ করছেন।
শুনানিতে জামিন চেয়ে ১৩ জনের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন বলেন, এ মামলার এজাহারে ঘটনার যে সময় বলা হয়েছে, তার সঙ্গে ঘটনার সময়ের মিল নেই। তাছাড়া পুলিশ সংশ্লিষ্ট বেঞ্চের অনুমতি না নিয়েই আদালতে ঢুকেছিলো।
মাহবুব ওই ১৩ আইনজীবীকে জামিন দেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে জামিনের আবেদনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যা ঘটেছে, তা খুবই ন্যক্কারজনক।
আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছেন, আদালত বিব্রত বোধ করায় বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি ঠিক করে দেবেন এর শুনানি হবে কোন বেঞ্চে।
সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানিতে মঙ্গলবার হাইকোর্টের অন্য একটি বেঞ্চে হট্টগোল হয়। একই বিষয়ে খালেদা জিয়ার একই ধরনের উক্তির কথা তুলে তার দেশপ্রেম নিয়ে আদালত প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে।
আদালতের ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে বিএনপি সমর্থক ১৪ আইনজীবীর বিরুদ্ধে একটি মামলা করে। তাতে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
ওই ১৪ জনের মধ্যে ১৩ জন বুধবার জামিনের আবেদন করেন।
যে বেঞ্চে হট্টগোল হয়েছিলো, সে বেঞ্চে বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেছে। ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কয়েকজন আইনজীবীর পেশাগত কাজ চালিয়ে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩২০ ঘ.
bdnews24