গাইবান্ধা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়িতে জুয়ার আসরের বখরা নিয়ে সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন। সরকার সমর্থক তিনটি সংগঠন এ সংঘর্ষে জড়ায় বলে স্থানীয়রা জানিয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুড়তে হয়।
পলাশবাড়ি উপজেলা সদরে বুধবার রাতে মহাসড়কে দুই ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষ চলে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। এতে ঢাকা-রংপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছে। মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহানের নেতৃত্বাধীন একটি দল কিশোরগাড়ীর টেকানী এলাকায় জুয়ার আসরে বখরা তুলতে গেলে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার বিপ্লব ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা শরীফুল ইসলাম পল্লবের নেতৃত্বাধীন অন্য গ্র"পটি তাদের বাধা দেয়।
ওই ঘটনার জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষ দলবল নিয়ে উপজেলা সদরে মহাসড়কের ওপর লাঠি ও দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ওই সময় দুটি যাত্রীবাহী বাস এবং কয়েকটি দোকান ভাংচুর হয়।
সংঘর্ষে পথচারী, বাসচালক, যাত্রীসহ দুই পক্ষের ১৫ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষ থামাতে ১০ রাউন্ড শটগানের গুলি ছুড়তে হয়।
জুয়ার আসর বসার বিষয়টি স্বীকার করেছেন পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎও।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোকসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার অভিযোগ করা হলেও রমজান মাসেও জুয়া খেলা বন্ধ হয়নি। এ কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৭ ঘ.
bdnews24