২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে 'সতর্ক' করলো হাইকোর্ট

সংবিধান ছুড়ে ফেলার কথা বলে 'আমিনির সমান অপরাধ' করলেও 'সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে' খালেদা জিয়াকে আদালতে তলব করা হয়নি- বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান ছুড়ে ফেলার কথা বলে 'আমিনির সমান অপরাধ' করলেও 'সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সম্মান করে' খালেদা জিয়াকে আদালতে তলব করা হয়নি- বলেছে হাইকোর্ট। ফজলুল হক আমিনীর বিরুদ্ধে সংবিধান নিয়ে কটূক্তি বিষয়ক মামলার শুনানির আদেশের পর্যবেক্ষণে মঙ্গলবার এ কথা বলেছে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেছে, বিরোধীদলীয় নেতার বক্তব্য বেঞ্চ বিচারিক বিবেচনায় নিয়েছে। আমিনীর মন্তব্যের মতো তার মন্তব্যও সমান অপরাধমূলক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট শুরু থেকেই এ সংশোধনীর বিরোধিতা করে আসছে। গত ১৩ জুলাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, তার দল ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলা হবে। এর পরদিন জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী এক আলোচনা সভায় বলেন, সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে। অবশ্য আমিনী পরে বলেন, তিনি ওই বক্তব্য দিয়েছেন 'রূপক' অর্থে। 'এটা রাষ্ট্রদ্রোহিতাও' সংবিধান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক- এ কথা উল্লেখ করে আদেশের পর্যবেক্ষণে আদালত বলে, 'সংবিধানকে ছুড়ে ফেলা দেওয়া সার্বভৌমত্বকে ছুড়ে ফেলে দেওয়ার সামিল। এটা রাষ্ট্রদ্রোহিতাও। 'যারা এ ধরণের বক্তব্য দেয় তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ। সংবিধানের একটা অংশের সমালোচনা করা আর সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া এক বিষয় নয়।' পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে যোগ হওয়া ৭ (ক) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংবিধান বা এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা নষ্ট করার প্রক্রিয়া চালালে বা সমর্থন করলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে। এই অপরাধের জন্য প্রচলিত আইনের সর্বোচ্চ দণ্ড প্রযোজ্য হবে বলেও এতে উল্লেখ করা হয়। 'বিরোধী দলীয় নেত্রী ও আমিনীর বক্তব্যের পার্থক্য খুব অল্প,' উল্লেখ করে আদালত বলে, 'সাবেক প্রধানমন্ত্রী হিসাবে সম্মান করে আমরা বিরোধী দলীয় নেত্রীকে তলব করিনি। 'আশা করি, ভবিষ্যতে সংবিধান সম্পর্কে কথা বলতে যে কেউ সতর্কতার সঙ্গে কথা বলবেন। যাতে তাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ না হয়।' আদেশে আরো বলা হয়, 'আমরা সতর্ক করে দিচ্ছি, এ ধরনের বক্তব্য ভবিষ্যতে কোনোভাবেই সহ্য করা হবে না। 'শুনানিতে আইনজীবীরা বলেছেন, সংবিধান নিয়ে যারা এ ধরনের বক্তব্য দেয়, তাদের মাথা থেকে পাকিস্তানি ধ্যান-ধারণা এখানো মুছে যায়নি। আমরা এ বক্তব্যের সঙ্গে একমত। 'এই সংবিধান ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তাই একে ছুড়ে ফেলে দেওয়া যায় না। বিরোধীদলীয় নেতার বক্তব্য আমরা বিচারিক বিবেচনায় নিয়েছি। আমিনীর মন্তব্যের মতো তার মন্তব্যও সমান অপরাধমূলক। সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। আমরা যে কোনো মূল্যে সংবিধান রক্ষা করবো।' 'তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে' আদেশের পর্যবেক্ষণে আদালত বলে, 'আমরা খুবই স্পর্শকাতর একটি বিষয়ে শুনানি করছি। যদি কোনো লোক সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে চান, তাহলে এটা রাষ্ট্রদ্রোহিতা। তাহলে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন রয়েছে। 'কোনো দেশপ্রেমিক এ ধরনের কোনো কথা বলতে পারেন না। যারা বলেন, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তারা বিশ্বাস করেন অন্য কিছুতে।' এ পর্যায়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ আসলে বিরোধী দল সমর্থক আইনজীবীরা তুমুল হট্টগোল শুরু করেন। তারা 'নো নো' বলে চিৎকার করে ওঠেন। এ সময় সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা পাল্টাপাল্টি স্লোগানও দিতে থাকেন। হট্টগোলের এক পর্যায়ে বিচারকদের দিকে প্রিন্টারের ট্রে ছুড়ে মারা হয়। তবে ট্রেটি ফ্যানে লাগায় বিচারপতিরা আক্রান্ত হননি। ট্রেটি পরে জব্দ করে পুলিশ। ৩টা ২২ মিনিটের দিকে আদালতের সময় শেষ হয়ে গেছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আদালত কার্যক্রম সমাপ্তির আবেদন করলে বিচারকরা এজলাস ত্যাগ করেন। এরপর পরিস্থিতি শান্ত হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৪৩ ঘ.