২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা বোমা হামলাসাক্ষী না আসায় পুলিশ কমিশনারকে শোকজ

রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের হত্যা মামলার সাক্ষীদের হাজির না করার কারণ ঢাকার পুলিশ কমিশনারকে জানাতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের হত্যা মামলার সাক্ষীদের হাজির না করার কারণ ঢাকার পুলিশ কমিশনারকে জানাতে বলেছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম চমন চৌধুরী এ নির্দেশ দেন। এদিন মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কোনো সাক্ষী হাজির না হওয়ায় আগামী ৪ সেপ্টেম্বর নতুন দিন রাখেন বিচারক। ওইদিন এ মামলার পুলিশ সাক্ষীদের হাজির করতে পুলিশ কমিশনারকে, একজন ম্যাজিস্ট্রেট সাক্ষীকে হাজির করতে সংস্থাপন মন্ত্রণালয়কে এবং একজন চিকিৎসক সাক্ষীকে হাজির করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এই সাক্ষীরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হায়দার ও কবির হোসেন, সহকারী কমিশনার আক্তারুজ্জামান, পরিদর্শক ইউসুফ আলী মোল্লা, চিকিৎক নুরুল ইসলাম, সাবেক ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন ও মামুনুর রশিদ। এ মামলার ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। কিন্তু গত কয়েকটি ধার্য দিনে বাকি সাক্ষীরা আদালতে হাজির হচ্ছেন না। বিষয়টি নজরে এনে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি এস এম জাহিদ হোসেন পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর জন্য আদালতে আবেদন করেন। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থলে বোমা হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরো অনেকে। ওই দিনই রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ। ছয় তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। এ মামলার আসামিদের মধ্যে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ কারাগারে রয়েছেন। এছাড়া জামিনে রয়েছেন মাওলানা আকবর হোসেন। মাওলানা মো. তাজউদ্দিন, মাওলানা সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মুফতি আবদুল হাইকে মামলায় পলাতক দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৯১০ ঘ.