'ইফতার পাড়া' জমজমাট
বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায়- ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে ক্রেতা টানতে এভাবেই হাঁকডাক ছাড়ছেন বিক্রেতারা। চকবাজারের ইফতার বাজার ঘুরে এসে জানাচ্ছেন শহীদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায়- ঐতিহ্যবাহী ইফতারের পসরা সাজিয়ে ক্রেতা টানতে এভাবেই হাঁকডাক ছাড়তে দেখা গেল বিক্রেতাদের। হাজারো মানুষের হৈ চৈ আর বিকিকিনিতে রোজার প্রথম দিনেই জমে উঠেছে চক বাজারের ইফতার পাড়া।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে রমজান মাস। সারা দেশেই রেস্তোরাঁর সামনে ও ফুটপাতে টেবিল সাজিয়ে শুরু হয়েছে ইফতার বিকিকিনি। তবে পুরান ঢাকার নানা পদের ঐতিহ্যবাহী ইফতারের টানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা ভিড় জমান চকবাজারে।
মঙ্গলবার বিকেলে এই 'ইফতার পাড়ায়' গিয়ে দেখা গেল- সুতি কাবাব, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দই বড়া, বিভিন্ন ধরনের কাটলেট, দুই কেজি ওজনের শাহী জিলাপী, লাবাং, কিমা পরটাসহ নানা পদের খাবার সাজিয়ে বসে পড়েছেন বিক্রেতারা।
এছাড়া আতা-আনারস-বিলেতি গাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল, পিঠা-পায়েস, মিষ্টিসহ ইফতারের নানা সামগ্রি বিক্রি হচ্ছে এই বাজারে।
প্রথম দিনের ভিড় দেখে বিক্রেতারা আশা করছেন, এবারো তাদের বেচাবিক্রি ভালোই হবে। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের চেয়ে এবার ইফতার সামগ্রির দাম বেশি।
দোকান ঘুরে দেখা গেলো- সুতি কাবাব ২৫০-৪০০ টাকা কেজি, কবুতরের রোস্ট ১১০-১৩০ টাকা, কোয়েল পাখির রোস্ট ৬০-৭০ টাকা, আস্ত মুরগির রোস্ট ২৫০-৩০০ টাকা, খাসির রানের রোস্ট ৪০০-৬০০ টাকা, শিক কাবাব ৩০ টাকা, কিমা পরটা প্রতিটি ২০ টাকা করে বিক্রি হচ্ছে।
এছাড়া এক কেজি ওজনের একেকটি শাহী জিলাপী বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দেড় কেজি ওজনের শাহী জিলাপীর দাম ১৮০ টাকা, দই বড়া ২০০ টাকা কেজি, চিকেন কাটলেট ১৫০ টাকা এবং ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দুধ থেকে তৈরি পানীয় 'লাবাং'।
ফলের মধ্যে পেঁপে ও বাঙ্গি ১০০-১৩০ টাকা কেজি, 'দেশি' আতা ৩০-৫০ টাকা প্রতিটি, আনারস ৫০-৭০ টাকায় বিক্রি হতে দেখা গেলো চকবাজারে। এছাড়া শশা, ধনিয়া পাতা, ছোলা, বুট, সিঙ্গারা, সমোচা, নিমকি, আলুর চপ, ঘুগনি, মুড়ি, চানাচুরসহ মিষ্টি জাতীয় বিভিন্ন মুখরোচক খাবার তো রয়েছেই।
চক বাজারের ইফতার বিক্রেতা মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তরাধিকার সূত্রে এই ব্যবসা করে আসছে তার পরিবার। তিনি নিজে চকবাজারে ইফতার বিক্রি করছেন ৩৫ বছর ধরে। অন্যবারের মতো এবারো ভালো বিক্রি হবে বলেই তার আশা।
চক বজারের ঐহিত্যবাহী ইফতার কিনতে মঙ্গলবার দুপুরের পরপরই উত্তরা থেকে চকবাজারে আসেন ব্যবসায়ী ইসমাইল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাড়ির লোকজন আবদার করেছে- প্রথম দিন তারা চক বাজারের ইফতারী খাবে। এ জন্যই এতোদূর আসা।"
চক বাজারের ইফতারের প্রশংসায় পঞ্চমুখ ইসমাইল বলেন, "সত্যিই এখানকার ইফতার অন্য রকম। যে খায়নি সে বুঝবে না।"
ছয় বছর বয়সী নাতী রোমানকে সঙ্গে নিয়ে ইফতার কিনতে এসেছিলেন লালবাগের তোরাব আলী। নাতীর আবদার মেটাতে ৪০০ টাকায় খাসির রানের রোস্ট কিনতে হয়েছে তাকে।
তোরাব আলী বলেন, "চক বাজারের ইফতার ছাড়া ইফতারটা জমে না। কিন্তু এইবার দাম চাইতাছে বেশি।"
বিক্রেতা মো. ইউসুফ মিয়ার দাবি, অন্যান্য সামগ্রীর দাম বাড়ায় ইফতারের দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮৩১ ঘ.
