ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের আশ্বাসের পরও রোজার শুরুতেই রাজধানীর কয়েকটি এলাকায় পানি সংকট বেড়েছে।
এর মধ্যে মহাখালী ও নাখালপাড়ার পরিস্থিতি সবচেয়ে নাজুক। পানি সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এসব এলাকার বাসিন্দারা।
ওয়াসা কর্তৃপক্ষ বলছে, বিদ্যুতের লোড-শেডিং এবং পানির স্তর নিচে নেমে যাওয়ায় তাদের নলকূপগুলোতে পানি উত্তোলন কমে গেছে। ফলে রোজার শুরুতে বাড়তি চাহিদা সামাল দেওয়া ওয়াসার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে জেনারেটর দিয়ে পাম্প চালিয়ে দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্রমান্বয়ে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। কিন্তু সেই হারে রি-চার্জ হচ্ছে না। এর মধ্যে চলছে লোড-শেডিং। সব মিলিয়ে নলকূপগুলোতে পানি উত্তোলন কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"
অধিকাংশ আবাসিক বাড়িতে পানির অপচয় হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "অনেক বাড়িতে অপ্রয়োজনে পানির কল ছেড়ে রাখা হয়। কাজ শেষেও বন্ধ করা হয় না।"
এ ব্যাপারে গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে গত ২৮ জুলাই তাকসিম আশ্বাস দিয়েছিলেন, রমজান মাসে ঢাকা মহানগরী এবং নারায়ণগঞ্জের গ্রাহকদের পানি সরবরাহে সমস্যা হবে না। সরবরাহ স্বাভাবিক রাখতে ওয়াসার বেশ কিছু পদক্ষেপের কথাও জানিয়েছিলেন তিনি।
তবে রোজার প্রথম দিনেই নগরীর বিভিন্ন এলাকায় পানি সংকট প্রকট হয়েছে। মহাখালী ও নাখালপাড়ায় এ সমস্যা সবচেয়ে বেশি। এছাড়া মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার, বাসাবো, বাড্ডা, রামপুরা ও পুরান ঢাকাতেও সমস্যা বেড়েছে।
মহাখালী এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন দিন ধরে অফিসে পানি নেই। অজু করে নামাজ পড়বো- তাও সম্ভব হচ্ছে না। এভাবে দিনের পর দিন চলতে থাকলে ওয়াসার দায়িত্বটা কি?"
নাখালপাড়ার বাসিন্দা শেফালী বেগম বলেন, "লোড-শেডিংয়ের সঙ্গে পানি সংকট দেখা দেওয়ায় পরিস্থিতি অনেক কষ্টকর হয়ে উঠেছে। এতোদিন ওয়াসার দুর্গন্ধযুক্ত পানি পেতাম। এখন তাও পাচ্ছি না।"
"ওয়াসার লাইনে পানির চাপ খুবই কম। একটু একটু করে যা আসে- তাতে ঘরের কাজই শেষ করা যায় না, " বললেন মগবাজারের ব্যবসায়ী আবুল হোসেন।
অবশ্য ওয়াসা বলছে, বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক পানি সরবরাহের জন্য ৩৬টি পানির গাড়ি ও ৪০টি ট্রলি, ইফতার ও সেহরির সময়ে পথচারীদের জন্য রাস্তার পাশে ও বাস টার্মিনালে প্লাস্টিকের পানির ট্যাংকে পানি দেওয়া হচ্ছে।
এছাড়া মসজিদগুলোতে বিশেষ ব্যবস্থায় সার্বক্ষণিক পানি সরবরাহ, বিদ্যুৎ বিভ্রাটের সময়ও পানি উত্তোলন ও সরবরাহ চালু রাখতে ওয়াসার ২৩৩টি পাম্পে স্থায়ী জেনারেটর এবং ৬০টি পাম্পে ভ্রাম্যমাণ জেনারেটর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে দৈনিক প্রায় ২২৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে গড়ে ২১০ কোটি লিটার সরবরাহ করতে পারছে ঢাকা ওয়াসা।
এর মধ্যে ৯০ শতাংশ আসছে ৫৮৭টি গভীর নলকূপ থেকে। বাকি ১০ শতাংশ পানি চারটি শোধনাগার থেকে সরবরাহ করা হয় বলে ওয়াসার এমডি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমইউএস/জেকে/১৭৪৩ ঘ.
bdnews24