সিলেট, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল হয়েছে। যাত্রীদের ঢাকা থেকে অন্য ফ্লাইটে লন্ডন পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসমানী বিমানবন্দর থেকে মঙ্গলবার সকাল ৬টায় বিজি ০০১ ফ্লাইটটির লন্ডন রওনা হওয়ার কথা ছিলো। উড্ডয়নের মুহূর্তে বিমানটির ইঞ্জিনে একটি পাখি ঢুকে পড়লে তা বিকল হয়ে যায়।
এ সময় পাইলট বিমানটি নিয়ন্ত্রণ করতে গেলে এর বাম পাশের চাকাটি ভেঙে যায় বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার মো. হাফিজ আহমদ সাংবাদিকদের জানান, পাখির আঘাতে বিমানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ইঞ্জিন মেরামতের কাজ চলছে।
বিমানবন্দরের স্টেশন ম্যানেজার মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় বিমানটি আর ওড়েনি। সকাল ১০টার দিকে বিমানটি রানওয়ে থেকে সরানো হয়েছে।
বিমানের এ ফ্লাইটটিতে লন্ডনগামী ১৭৫ জন যাত্রী ছিলেন। বিমানের দুটি অভ্যন্তরীণ ফ্লাইটে আটকে পড়া লন্ডনগামী ১৭৫ জন যাত্রীকে ঢাকা নিয়ে যাওয়া হয়।
অন্য ফ্লাইটে তাদের লন্ডন পাঠানোর ব্যবস্থা হচ্ছে বলে স্টেশন ম্যানেজার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/আরএ/১৪৪৭ ঘ.
bdnews24