ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস ও বিদ্যুৎ খাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সঠিক ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেছে ক্যাব।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সেমিনারে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, "সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হলেও সেখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কোনো পদক্ষেপ দেখা যায় না।"
বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উৎপাদিত বিদ্যুতের দাম বিইআরসি'র নির্ধারণ করা উচিত- মন্তব্য করে তিনি বলেন, বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য ভোক্তাদের বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে।
রিয়েল এস্টেট অ্যাণ্ড হাউজিং অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নির্বাহী কমিটির সদস্য মো. জাহিদ হোসেন জানান, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে গত ১৮ মাস ধরে পাঁচ হাজার ফ্ল্যাট ক্রেতাদের কাছে হস্তান্তর করা যাচ্ছে না।
এ ব্যাপারে বিইআরসি'র ভূমিকা জানতে চান তিনি।
সংযোগ দেওয়ার বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবেন বলে জানান বিইআরসি চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক আবুল বারকাত বলেন, লোড-শেডিংয়ের কারণে প্রতি বছর দেশের দুই লাখ কোটি টাকা ক্ষতি হচ্ছে।
"লোড-শেডিংয়ের কারণে প্রতি বছর আর্থিকভাবে দুই লাখ কোটি টাকা ক্ষতি হচ্ছে। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক তৃতীয়াংশ।"
তিনি বলেন, "জ্বালানি খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থাকে বিদ্যুৎ উৎপাদন, মজুদ, বিপণন, সঞ্চালন ও সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
"একটি স্বাধীন, নিরপেক্ষ ও দক্ষ নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগ এবং উন্নয়নের ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে।"
এ খাতের স্বচ্ছতার জন্য যথাযথভাবে নিরীক্ষা (অডিট) কার্যক্রম চালানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, "বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এক্ষেত্রে নানা পরামর্শ দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) সরকারকে সহযোগিতা করছে।
"বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি সরকারের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করছে।"
বিইআরসি'র চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন রাতারাতি সম্ভব নয়। একটি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উন্নয়ন সম্ভব। এ বিষয়টিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আইনের কিছু দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালনে বিইআরসি নানা সমস্যার মুখে পড়ছে।
বিইআরসি আয়োজিত 'এনার্জি ম্যানেজমেন্ট অ্যাণ্ড ডেভেলপমেন্ট: রোল অব রেগুলেটরী' শীর্ষক দিনব্যাপী ওই সেমিনারে অন্যদের মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিইআরসির সদস্য মো. ইমদাদুল হক, সেলিম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/পিডি/২০১১
bdnews24