মাদারীপুর/নড়াইল, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর এবং নড়াইলের চিত্রা নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে রাজৈরের উল্লাপাড়া গ্রামের পাতারবিল-কেওয়াবাড়ি খাল থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় উত্তম বিশ্বাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান জানান।
নিহত উত্তম রাজৈরের তাঁতিকান্দা গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে। তিনি মোটরসাইকেল যন্ত্রাংশের ব্যবসা করতেন।
নিহতের ভাই নকুল বিশ্বাস বলেন, "বৃহস্পতিবার উত্তমকে কারা যেন বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফেরেনি।"
এ ব্যাপারে একটি মামলা হয়েেেছ বলে ওসি জানান।
এদিকে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা এলাকার চিত্রা নদী থেকে নিখিল দত্ত (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখিল সদর উপজেলার সীমাখালী গ্রামের নিতাই দত্তের ছেলে।
নিতাই দত্ত জানান, রোববার বেলা ১১টার দিকে নিখিল বাড়ির পাশের চিত্রা নদীর সিখেলী ঘাটে গোসল করতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয়রা সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নদীর রতডাঙ্গা ঘাট এলাকায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, নিখিল মানসিকভাবে অসুস্থ ছিল বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮৪২ ঘ.
bdnews24