ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের আপত্তি সত্ত্বেও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন বিষয়ে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের প্রতিবেদন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পর্ষদে গৃহীত হয়েছে।
প্রতিবেদনে ১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম থেকে ধাপে ধাপে অস্থায়ী সেনাশিবির প্রত্যাহার, শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য একটি সময়সীমা এবং রূপরেখা/কার্যপ্রণালী ঘোষণা এবং শান্তিচুক্তি লঙ্ঘন করে সেখানে আদিবাসীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।
গত মে মাসে ফোরামের ১০ম অধিবেশনে ওই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (ইউএনপিএফআইআই) ওই প্রতিবেদন গত ২২ থেকে ২৯ জুলাই জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পর্ষদের সাধারণ বিভাগে (ইসিওএসওসি) গৃহীত হয়।
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণের জন্য আন্তর্জাতিক পরিষদ (আইসিআইপি-সিএইচটি) রোববার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, ইউএনপিএফআইআই'র দশম অধিবেশনের প্রতিবেদনের কোনো অনুচ্ছেদই বাদ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসিওএসওসি।
তবে সরকারের উত্থাপিত আপত্তির কয়েকটি 'নোট' আকারে ওই প্রতিবেদনে সন্নিবেশিত হবে।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস।
১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে হওয়া শান্তিচুক্তির মধ্য দিয়ে ওই এলাকায় পাহাড়ি ও সেনাবাহিনীর মধ্যে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে।
পার্বত্য চট্টগ্রামের পাঁচশ অস্থায়ী সেনাশিবিরের মধ্যে ২০০৭ সাল পর্যন্ত প্রথম দফায় দুশটি প্রত্যাহার করা হয়। গত অগাস্ট ও সেপ্টেম্বরে প্রত্যাহার করা হয় আরো ৩৪টি। তবে ছয়টি স্থায়ী সেনানিবাস এখনো সেখানে রয়েছে।
'শান্তিচুক্তি নিয়ে এ ফোরামে আলোচনার অবকাশ নেই'
প্রতিবেদনটি তৈরি করেন ফোরামের সাবেক সদস্য লার্স-অ্যান্ডার্স বায়ের এ প্রতিবেদন তৈরি করেন।
বায়ের গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা ও পার্বত্য এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে '১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি' শিরোনামে ওই প্রতিবেদন তৈরি করেন।
ফোরামের নবম অধিবেশনে প্রতিবেদনটি তৈরির দায়িত্ব পান তিনি।
জাতিসংঘে বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি ইকবাল আহমেদ স্থায়ী ফোরামের ওই অধিবেশন চলাকালীন বায়েরের দেওয়া প্রতিবেদন প্রত্যাখান করেন।
'বাংলাদেশে কোনো আদিবাসী নেই,' দাবি করে তিনি বলেন, 'এই কারণে শান্তিচুক্তি নিয়ে এই ফোরামে আলোচনার কোনো অবকাশও নেই।'
বায়েরের প্রতিবেদনকে দুঃখজনকভাবে 'একতরফা' উল্লেখ করে ইকবাল বলেন, 'এতে অ-আদিবাসী বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে।'
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন করছে- প্রতিবেদনের এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্য না করলেও সেনাশিবির প্রত্যাহারের তথ্য জানান তিনি।
ইসিওএসওসি'র ৫৪ সদস্য এ বিষয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরে। সেখানে চীন, পাকিস্তান ও সৌদি আরব ছাড়া বাকিদের তেমন কোনো সমর্থন পায়নি বাংলাদেশ সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৪১ ঘ.
bdnews24