ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দিষ্ট সময়ের মধ্যে ২০১০ সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা না দেওয়া সরকারি কর্মকর্তাদের প্রতিবেদন জরুরি ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এসিআর প্রস্তুতকারী ও প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। মন্ত্রণালয়ের গোপনীয় প্রতিবেদন (সিআর) শাখার সিনিয়র সহকারি সচিব শেলিনা খানম এ চিঠিতে গত ২৬ জুলাই স্বাক্ষর করেছেন।
চিঠিতে বলা হয়েছে, ২০১০ সালের এসিআর জমা দেওয়ার সময় গত ৩১ মার্চ শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের অধীনের অধ্বস্তন কর্মকর্তাদের এসিআর প্রস্তুত ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়ে থাকেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের এসিআর প্রস্তুতে সহায়তা করে থাকেন। কিন্তু এ সময়ের মধ্যে অনেক কর্মকর্তার এসিআর সংশ্লিষ্ট শাখায় জমা হয়নি।
চিঠিতে ২০০৮ ও ২০০৯ সালের এসিআর জমা না হওয়া কর্মকর্তাদের প্রতিবেদনও বিলম্বের কারণসহ উল্লেখ করে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24