ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতিকে রোববার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্রপতির ছেলে নাজমুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তার বাবা নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। পরীক্ষার পর রোববার বিকালে কিংবা সোমবার সকালে তিনি আবার বঙ্গভবনে ফিরবেন।
৮২ বছর বয়সি জিল্লুর রহমান নিয়মিতভাবেই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।
বঙ্গভবনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী দুপুরে রাষ্ট্রপতিকে দেখতে হাসপাতালে যান। রাষ্ট্রপতির তার সঙ্গে কথাও বলেছেন।
জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানও দলের কেন্দ্রীয় নেত্রী ছিলেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24