সিরাজগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোরে শহরের মুজিব সড়কে অবস্থিত আভিসিনা ক্লিনিকে এ ঘটনা ঘটে। এরপর রোগীর স্বজনরাসহ বিক্ষুব্ধ জনতা ক্লিনিকটিতে ভাংচুর করে।
এ ঘটনায় ক্লিনিকের দুই চিকিৎসকসহ ছয় জনকে আটক করে পুলিশ।
এরা হলেন- অভিযুক্ত চিকিৎসক শামীমা আজিজ, শহিদুল ইসলাম, নার্স শারমীনা খাতুন, কানিজ ফাতেমা, সুলতানা ও ওয়ার্ড বয় আকাশ আহমেদ।
মৃত সমা সাহা (২৮) শহরের বাজার ষ্টেশন রোডের বাসিন্দা ব্যবসায়ী চন্দন কুমার সাহার স্ত্রী। ওই ক্লিনিকের স্ত্রী রোগ বিশেষজ্ঞ শামীমা আজিজের তত্ত্বাবধানে ছিলেন সমা।
সমার বড় বোন শিপ্রা সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৪ অগাস্ট প্রসবের সম্ভাব্য তারিখ থাকলেও শুক্রবার সন্ধ্যার পর সমা পেটে ব্যথা অনুভব করলে চিকিৎসক শামীমাকে ফোন করলে তিনি সমাকে ক্লিনিকে ভর্তি করাতে বলেন।
তিনি বলেন, সমাকে ক্লিনিকে ভর্তি করানোর পর রাত ১১টার দিকে নার্সরা স্বাভাবিক উপায়ে সমার একটি কন্যা সন্তান প্রসব করায়। তখন বিশেষজ্ঞ কোন চিকিৎসক অপারেশন থিয়েটারে ছিলেন না। স্বাভাবিক প্রসবের পর সমার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে জানায় নার্সরা। এরপর রাত ১টার দিকে শামীমা এসে অস্ত্রোপচার করে সমার জরায়ু কেটে ফেলে।
"রাত ৩টার দিকে আমরা সমার মৃত্যুর খবর পাই", বলেন শিপ্রা।
সদর থানার ওসি সৈয়দ আলম জানান, শামীমাসহ দুুই নার্স কানিজ ফাতেমা ও শারমিনা খাতুনের বিরুদ্ধে নিহতের স্বামী চন্দন কুমার সাহা মামলা করেছে। শারমীনা পলাতক।
অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীমা স্বীকার করেছেন তিনি সাধারণ স্ত্রী রোগের চিকিৎসক। সার্জন নন।
ওদিকে দুপুরে শামিমা আজিজ ও কানিজ ফাতেমাকে আদালতে হাজির করা হয়। তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
কোর্ট পরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, গ্রেপ্তারকৃত চিকিৎসক শামিমা আজিজ ও নার্স কানিজ ফাতেমাকে সিরাজগঞ্জ মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক প্রদীপ কুমার সাহা এক হাজার টাকা মুচলেকায় তাদের জামিন দেন।
নিহতদের স্বজন ও স্থানীয়রা সিরাজগঞ্জবাসীর ব্যানারে বিকালে অভিযুক্ত চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
আসামিদের জামিন দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদ রোববার শহরে মানববন্ধন ও পরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে হরতাল কর্মসুচী ঘোষণা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৯২৩ ঘ.
bdnews24