২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় কিশোরের লাশ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়া থেকে মো.ফরহাদ হোসেন তুষার (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়া থেকে মো.ফরহাদ হোসেন তুষার (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদরঘাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র তুষারকে বুড়িগাঙ্গায় ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তুষারের বাবা সিটি করোরেশনের কর্মচারী মো.হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে ৪৬ এসকে দাস রোডের বাসা থেকে বাড়ির মালিকের ছেলে মুন্নাসহ পাঁচ বন্ধু তুষারকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। "বিকালে মুন্নাকে বারবার তুষারের কথা জানতে চাইলে সে এড়িয়ে যায়। রাতে জানায়, বুড়িগঙ্গায় তারা গোসল করেছে। এরপর শনিবার সকালে বুড়িগঙ্গায় মিলব্যারাক বরাবর নদীর মাঝ থেকে তুষারের লাশ উদ্ধার করা হয়।" তিনি অভিযোগ করেন, বাড়ির মালিক জাহিদ হোসেনের ছেলে মুন্না অন্যদের নিয়ে বুড়িগঙ্গায় তুষারকে ডুবিয়ে মেরেছে। তিনি বলেন, "সপ্তাহখানেক আগে পানির মটর ছাড়াকে কেন্দ্র করে গন্ডগোলের এক পর্যায়ে জাহিদ হোসেন আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিলো।" গেন্ডারিয়া থানার ওসি মো.ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। এক ভাই এক বোনের মধ্যে তুষার সবার বড়। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫০২ ঘ.