২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত ব্যবস্থাপনার সমঝোতাপত্র প্রকাশের দাবি বিএনপির

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সই হওয়া সীমান্ত ব্যবস্থাপনা সমঝোতার দলিল প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সই হওয়া সীমান্ত ব্যবস্থাপনা সমঝোতার দলিল প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার সচিবালয়ে সাহারা খাতুন ও পি চিদাম্বরমের বৈঠকে সমঝোতা স্মারক সই হওয়ার পরপরই জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ দাবি তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "ভারতের সঙ্গে অমীমাংসিত সমস্যা সমাধানে সরকারের কোনো সফলতা নেই, বরং সরকার তাদের (ভারত) কাছে জিম্মি হয়ে পড়েছে।" "আমাদের সীমান্তে মানুষ হত্যা বন্ধ হয়নি। আমাদের ছিটমহল সমস্যারও সুরাহা হয়নি", বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর চিদাম্বরম সীমান্তে হত্যা বন্ধের আশ্বাস দিয়েছেন। এছাড়া ছিটমহল সমস্যার সমাধান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে সুরাহা হবে বলে জানানো হয়েছে। মানবাধিকার বিষয়ে লেবার পার্টি আয়োজিত ওই সম্মেলনে ফখরুল বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বলেন, "আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে তা হতে হবে আমার দেশের মানুষের অধিকার রক্ষা করে সমতার ভিত্তিতে।" "কিন্তু বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে অমীমাংসিত সমস্যাগুলোর কোনো সমাধান হচ্ছে না। আমাদের সমস্যার সমাধান হবে না। অথচ ট্রানজিট দিয়ে দেবো। বন্দর ব্যবহারের অনুমতি দেবো। এটা গ্রহণযোগ্য নয়", বলেন তিনি। দেশের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "দেশে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই। মানবাধিকারও নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি হেফাজতে নির্যাতন এখন ১০ গুণ বেড়েছে।" সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলে আন্দোলনের মাধ্যমেই তাদের হটানোর ঘোষণা দেন তিনি। সম্মেলনে লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মহানগর আমির রফিকুল ইসলাম খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.