২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার বাধায় উত্তরাঞ্চলের সঙ্গে বাস চলাচল বন্ধ

বগুড়ার শ্রমিকদের বাধার কারণে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বগুড়া, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শ্রমিকদের বাধার কারণে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এক মটর শ্রমিককে মারপিটের বিচার দাবিতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শনিবার সকাল থেকে ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা বগুড়া শহরের বনানী, তিন মাথা, চারমাথা, মাটিডালী এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বগুড়ার বাস মালিকরাও এতে সমর্থন দিচ্ছে। শ্রমিকদের বাধার কারণে বগুড়ার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধসহ নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের অন্য ১১টি জেলার বাসগুলো আসা-যাওয়া করতে পারছে না। ফলে ওই অঞ্চলের যাত্রীরা দুর্ভোগে পড়েছে। বগুড়া মোটর মালিক গ্র"পের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় সাংবাদিকদের জানান, ২২ জুলাই রংপুর ও বগুড়ার বাস মালিকরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সিরাজগঞ্জ মোটর মালিক সমিতি ওই সভায় ছিলো না। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জের শ্রমিকরা শুক্রবার বেলাল নামে বগুড়ার এক শ্রমিককে চান্দাইকোনা এলাকায় মারপিট এবং বগুড়ার গাড়ি চলাচলে বাধা দেয় বলে সাগর দাবি করেন। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ বলেন, মালিকদের সমস্যা নিয়ে শ্রমিককে মারপিটের ঘটনা দুঃখজনক। এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। ধর্মঘটের ফলে সৃষ্ট অচলাবস্থা মেটানোর উদ্যোগ নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া ও সিরাজগঞ্জ জেলা প্রশাসন উভয় জেলার মোটর শ্রমিক ইউনিয়ন এবং মোটর মালিক সমিতির নেতাদের নিয়ে বিকাল ৪টায় মহাসড়কের ফুড ভিলেজ রেস্তোরাঁয় বৈঠকে বসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২৪৫ ঘ.