ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বিভিন্ন স্থানে দুই শিশুসহ অন্তত পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, খিলগাঁও, বংশাল ও কদমতলীতে এসব লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাওরান বাজারে দিশারী পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার পরনে ছিলো সাদা শার্ট ও চেক লুঙ্গি।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বাসের চালকের সহকারী হারুনুর রশিদকে (৩৫) আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে।
এদিন সকাল ৭টার দিকে তেজগাঁও সাত রাস্তার মোড় থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে খিলগাঁও মেরাদিয়া এলাকা থেকে মিঠু আক্তার (১০) নামে একটি মেয়ের লাশ উদ্ধার পুলিশ।
মিঠু নানীর সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে।
বংশাল থানার সুরিটোলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো. শামীম (১০) নামে এক শিশু শ্রমিক।
শামীমের আত্মীয় আবদুল আউয়াল জানান, বৃহস্পতিবার রাতে সুরিটোলার বাসায় গোসল শেষে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে তড়িতাহিত হন শামীম। রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ও শুক্রবার উদ্ধার হওয়া চারটি মৃতদেহ মর্গে রয়েছে।
এদিকে কদমতলী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাসলিমা আক্তার (৩৬) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/এএইচ/২০৫৬ ঘ.
bdnews24