বগুড়া, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনার পরদিন বগুড়া সদর উপজেলায় বাসের চাপায় নিহত হয়েছে মটর সাইকেলের দুই আরোহী।
শুক্রবার সকাল ৭টার দিকে গোকূল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে শাহজাহানপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ১৭ জন। ওই দুর্ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে।
শুক্রবারের দুর্ঘটনায় নিহতরা হলেন- বগুড়া সদরের পালা কৈগাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে আলম হোসেন (২৪) এবং তার ভগ্নিপতি গোকুল এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে ইমদাদুল হক (৪২)।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) রোকসানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক একটি অনুষ্ঠান থেকে মটর সাইকেলে পালা কৈগাড়ী এলাকায় ফিরছিলেন আলম ও ইমদাদুল। গোকূল এলাকায় পৌঁছালে পেছন থেকে রংপুরগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়।
বাসচাপায় দুজন ঘটনাস্থলেই মারা যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
লাশ দুটি তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মহাসড়ক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শুকুর আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24