ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে মুনাফার ২০ শতাংশ পুনঃবিনিয়োগ করবে ওষুধ প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে)।
'স্বল্পোন্নত দেশগুলোতে স্বাস্থ্যসেবা অবকাঠামো শক্তিশালী করে তোলায়' নিজেদের অঙ্গীকার থেকে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
জিএসকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের ৩৮০ কোটি টাকার মুলধন থেকে যে মুনাফা আসে তার ১০ কোটি টাকা স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করা হবে।
আন্তর্জাতিক সংস্থা (এনজিও) কেয়ার বাংলাদেশ এবং স্থানীয় বেসরকারী সংস্থা ফ্রেন্ডশিপ পুনঃবিনিয়োগভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়নে অংশীদার হিসেবে থাকছে।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান এবং গ্ল্যাক্সোস্মিথক্লাইন পিএলসি, ইউকে এর ডেভেলোপিং কান্ট্রি ও মার্কেট একসেস বিজনেস ইউনিট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডানকান লিয়ারমাউথ বলেন, "সারাবিশ্বে স্বাস্থ্যসেবা অবকাঠামোতে সবার প্রবেশের সুযোগ বাড়ানো গুরুত্ব দিয়ে দেখছে জিএসকে।
তিন দিনের সফরে বুধবার ঢাকায় এসেছেন তিনি।
লিয়ারমাউথ বলেন, এজন্য স্বল্পোন্নত দেশগুলোতে বিনিয়োগের অর্থ পৌঁছে দিতে বিশ্বের শীর্ষ তিনটি এনজিও'র সঙ্গে অংশীদারিত্বের সূচনা করেছে যার মধ্যে কেয়ার ইন্টারন্যাশনালও রয়েছে।
তবে কেয়ার বাংলাদেশের প্রকল্প পরিচালক (স্বাস্থ্য) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকল্পের অধীনে কোন কোন ক্ষেত্রে কাজ করা হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য সহযোগীদের সঙ্গে আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, "আমরা সরকারি স্বাস্থ্যসেবায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো।"
ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চর এলাকাগুলোতে আমাদের ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা প্রকল্প আরো দৃঢ় করে তুলবো আমরা। ওইসব এলাকায় কিছু স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দিয়েছি আমরা। প্রকল্পের অধীনে দেশের অন্যান্য অঞ্চলের ডাক্তারদের সঙ্গে তাদের যোগাযোগ বাড়ানো হবে।"
১৯৪৯ সালে বাংলাদেশে ব্যবসা শুরু করে গবেষণাভিত্তিক বিশ্বের শীর্ষ ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠান জিএসকে। ১৯৬৭ সালে চট্টগ্রামে তাদের কারখানায় ওষুধ উৎপাদন শুরু করে।
স
bdnews24