২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহাত হয়েছে আরো পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহাত হয়েছে আরো পাঁচজন। রাত সাড়ে ৮টার দিকে পটিয়ার কলেজ গেট এলাকায় একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে পটিয়া থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তিন জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুই জনের নাম আবু জাফর (৫৫) ও বিশ্বজিত ঘোষ (২৭)। তাৎক্ষণিকভাবে আরেকজনের নাম জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই জহিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর দীপায়ন পাল নামে আরেকজনের মৃত্যু হয়। তার বাড়ি চন্দনাইশ উপজেলার দক্ষিণ বাড়িয়া ইউনিয়নে। বাবার নাম মনোরঞ্জন পাল। আহত ৫ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। উপপরিদর্শক তোফায়েল জানান, ওই টেম্পোতে মোট ১২ জন ছিল। তাৎক্ষণিকভাবে চালক বা সহকারীকে সনাক্ত করা যায়নি। দুই বাসের সংঘর্ষে আহত ১০ এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার মস্তাননগর এলাকায় দুটি যাত্রিবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ ও চট্টগ্রামমুখী বসুরহাট এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বেলাল হোসেন (৪০), মোমেনা আক্তার (২৮), নির্মল ভৌমিক (৩৫), রিমন (৪০), ফজলুল করিম (৩০), আমিনুল ইসলাম (২৮), লুৎফার রহমান (৪০), নাসির উদ্দিন (২৫), শফিকুর রহমান (২২) ও মো. সোহেল (২৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/০০০৪ ঘ.