চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং ও বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. আবুল কালাম আবু (৩৫), মো. হাসান (২২), মো. বশির (৩০) ও মো. আজাদ (৩০)।
অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে ডবলমুরিং থানাধীন পানওয়ালা পাড়ার হাড্ডি কোম্পানির মোড়ের একটি গ্যারেজ থেকে আবু, হাসান ও বশিরকে গ্রেপ্তার করা হয়।
"তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবুর বাসা থেকে দুটি ও ডবলমুরিং থানাধীন অন্য এলাকা থেকে আরো তিনটিসহ মোট পাঁচটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।"
এসি তানভীর আরাফাত জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটর সাইকেলগুলো চুরির কথা স্বীকার করেছে। তারা তিন বছর ধরে চুরির কাজ করছে।
"পরে বুধবার রাতে বন্দর থানাধীন নিমতলা খয়রাতি মাঝির বাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আজাদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে আরেকটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।"
বুধবারের উদ্ধার ও গ্রেপ্তারের এ খবর বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানায় পুলিশ।
উদ্ধারকৃত মোটর সাইকেলগুলো নগরী ও দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৩৪ ঘ.
bdnews24