ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের দুটি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহ করবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্র"ভড নিউট্রিশন (জিএআইএন) নামের একটি সংস্থা।
আন্তর্জাতিক এ সংস্থাটির প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীনের সঙ্গে দেখা করে এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ময়মনসিংহের ত্রিশাল ও হালুয়াঘাট উপজেলার ৩২৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরে রান্না করা গরম খাবারের ব্যবস্থা করবে সংস্থাটি। বেসরকারি সংস্থা ব্র্যাক ও বাস্তশিখার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
"প্রকল্পটি এক বছর চলার পর এর মূল্যায়ন করে তা সারাদেশে প্রসারের লক্ষ্যে সংস্থাটি বাংলাদেশ সরকারকে একটি কর্মপরিকল্পনা দেবে।"
তিনি বলেন, এ কার্যক্রমের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে এবং সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণেও এটি ভূমিকা রাখবে বলে আফছারুল আমীন সংস্থাটির কর্মকর্তাদের জানিয়েছেন।
পরে সংস্থাটির ম্যানেজার ডোমিিনক সোফিয়েনভ, প্রকল্প পরিচালক ডিন ক্রোডার ও কান্ট্রি ম্যানেজার বসন্ত ওয়াকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮৪৯ ঘ.
bdnews24