ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি সম্পত্তি রক্ষা করতে গিয়ে নানা ধরনের মামলার 'হয়রানি' থেকে মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আইনের পরিবর্তন চেয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)।
ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার পঞ্চম অধিবেশনে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে বৈঠকে আবারো এ দাবি জানান তারা।
সরকারি সম্পত্তি থেকে দখলকারীদের উচ্ছেদের কারণে ডিসিদের বিবাদী করে বিভিন্ন ধরনের মামলা করা হয়। এসব মামলায় নিয়মিত হাজিরা দিতে হয় তাদেরই। দীর্ঘদিন ধরে এই হাজিরার 'হয়রানি' থেকে মুক্তির ব্যবস্থা নেওয়ার দাবি ডিসিদের।
আইন প্রতিমন্ত্রী ডিসিদের আশ্বস্ত করে বলেন, "সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার ক্ষেত্রে মামলার ব্যয়ভার বহন করবে সরকার। এ বিষয়ে নতুন আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। আইন পাস হলে তা কার্যকর হবে।"
বৈঠকে আইন প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও উপস্থিত ছিলেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
জেলা পর্যায়ে নিয়োজিত সরকারি আইন কর্মকর্তা জিপি, পিপি ও এপিপির অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, "তাদের বিরুদ্ধে অসততার অভিযোগ পেলে এবং কর্মকাণ্ড ভালো না হলে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৩৭ ঘ.
bdnews24