ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের উপদেষ্টা মাহমুদুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিজ উদ্দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চান।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সাইফুল ইসলাম তিন দিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, এ সংগঠনে জড়িত অন্যদের গ্রেপ্তার, সংগঠনটিকে সচল রাখতে কারা অর্থায়ন করছে তা জানতে বারীকে জিজ্ঞাসাবাদ জরুরি।
বুধবার প্রথম প্রহরে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারীকে গ্রেপ্তার করে র্যাব।
বাংলাদেশের অখন্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য সদস্য সংগ্রহ এবং প্রচারপত্র বিলির অভিযোগে র্যাব ১ এর উপ সহকারী পরিচালক মজিবুর রহমান মামলা করেন বারীর বিরুদ্ধে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭০৫ ঘ.
bdnews24