ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯১০ সালের গভর্নর হাউসের ৫৫ একর জমিকে সুপ্রিম কোর্টের সম্পত্তি ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা দুটি আপিলের আবেদনই খারিজ করে দেয়।
এর আগে গত ১০ মার্চ এক রায়ে ওই ৫৫ একর জমি সুপ্রিম কোর্টের সম্পত্তি হিসাবে ঘোষণা দিয়ে ৯০ দিনের মধ্যে তা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
জমির কিছু অংশ সড়ক ভবন ও শিশু একাডেমির দখলে রয়েছে।
পরে রায়ের বিরুদ্ধে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এবং শিশু একাডেমীর পরিচালক আলাদা দুটি লিভ টু আপিল দায়ের করেন।
বৃহস্পতিবার শুনানি শেষে দুটি আবেদনই আপিল বিভাগে খারিজ হয়ে যায়।
শুনানিতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষে অ্যাডভোকেট ওবায়দুর রহমান মোস্তফা এবং শিশু একাডেমীর পক্ষে অ্যাডভোকেট মনসুর হাবিব উপস্থিত ছিলেন।
রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯১০ সালে ৫৫ একর জমির উপর গভর্নর হাউজ প্রতিষ্ঠিত হয়। ওই জমিতে ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান হাইকোর্ট এবং ১৯৭১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ওই জমির কিছু অংশ শিশু একাডেমী ও সড়ক ভবনের দখলে আছে। সুপ্রিম কোর্টের দখলে থাকা বর্তমান এলাকাটিও ঢাকার জেলা প্রশাসকের নামে রেকর্ডকৃত।
"আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে ৫৫ একর জমির ওপর সুপ্রিম কোর্টের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো", যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এএল/১৬৪৬ ঘ.
bdnews24