শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে আগের বছরের তুলনায় তেমন পরিবর্তন আসেনি। কমেছে আটটি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা ও রাজশাহী ছাড়া ছয়টিতেই।
মূলত সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় প্রশাসনের (বিএম) ভালো ফলে বেড়েছে গড় পাস।
ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর গড় পাসের হার ৭৫ দশমিক ০৮ শতাংশ, যা আগের বছরের চেয়ে শূন্য দশমিক ৮০ শতাংশ বেশি। তবে বিএম-এর ফল বাদে পাসের হার দাঁড়ায় ৭৪ দশমিক ৫৯ শতাংশ।
২০১০ সালে এ সংখ্যা ছিলো ৭৪ দশমিক ২৮ শতাংশ। এর আগে ২০০৯-এ ৭২ দশমিক ৭৮, ২০০৮-এ ৭৬ দশমিক ১৯ শতাংশ এবং ২০০৭ সালে গড় পাসের হার ছিলো ৬৫ দশমিক ৬০ শতাংশ।
২০০৯ সালে মোট পরীক্ষার্থী সংখা ছিলো ৬ লাখ ৭ হাজার ৮৭২ জন, ২০০৮ সালে ৬ লাখ ১২ হাজার ৩৮১ জন এবং ২০০৭ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫ লাখ ৩৩ হাজার ১৫৮ জন।
ছয়টিরই কমেছে পাস
২০১০ সালে কুমিল্লা বোর্ডে ৭৩ দশমিক ১৩ শতাংশ পাস করলেও এবার এ বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৬৮ শতাংশ। যশোর বোর্ডে পাস করছে ৬৩ দশমিক ৩৭ শতাংশ, যা গতবারের চেয়ে ৪ দশমিক ৩৬ শতাংশ কম। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে পাসের হার কমেছে ১ দশমিক ৬২ শতাংশ, বরিশালে ৩ দশমিক ২২ শতাংশ, সিলেটে দশমিক ৪৪ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ১ দশমিক ৩৬ শতাংশ।
তবে ঢাকা ও রাজশাহীতে বেড়েছে পাসের হার। গত বারের তুলনায় ঢাকা বোর্ডে পাসের হার বেড়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৩ দশমিক ৫৮ শতাংশ।
এবারও ছাত্ররাই এগিয়ে
ছাত্রীদের পাসের হার ধারাবাকিভাবে বাড়লেও এবারও ছাত্ররাই বেশি পাস করেছে। ছাত্রীদের চেয়ে শূন্য দশমিক ১৩ শতাংশ ছাত্র বেশি পাস করেছে এবার।
ছাত্রদের উত্তীর্ণের হার ৭৫ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রীদের ৭৫ দশমিক ০১ শতাংশ। এর ২০১০ সালে এ হার ছিলো যথাক্রমে ৭৪ দশমিক ৬২ শতাংশ ও ৭৩ দশমিক ৪৭। এর আগে ২০০৯ সালে ছাত্রীদের চেয়ে ১ দশমিক ৯১ শতাংশ, ২০০৮ সালে ১ দশমিক ১২ শতাংশ এবং ২০০৭ সালে ২ দশমিক ০৬ শতাংশ ছাত্র বেশি পাস করে।
মাদ্রাসা ও কারিগরিতে রেকর্ড
মাদ্রাসা বোর্ডে এ বছর ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৪ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাসের রেকর্ড হয়েছে। এ ছাড়া ঢাকা বোর্ডের অধীন ব্যবসায় প্রশাসনে (বিএম) পাস করেছে ৮৩ দশমিক ৯৫ শতাংশ।
বেড়েছে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৭ লাখ ৬৪ হাজার ৮২৮ জন, যা গতবারের চেয়ে ৪৬ হাজার ৭৪৪ জন বেশি। শিক্ষার্থী বাড়ার পাশাপাশি অসুদোপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃতদের সংখ্যাও গত দু'বছরের চেয়ে বেড়েছে।
২০০৯ সালে ৬৬৪ জন এবং ২০১০ সালে ৬০৮ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছিলেন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৫ জনে।
জিপিএ-৫ পাওয়াদের অর্ধেকই ঢাকার
সাধারণ শিক্ষাবোর্ডের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫১ দশমিক ৭৩ শতাংশই ঢাকা শিক্ষা বোর্ডের। সারাদেশে ৩৪ হাজার ৩৮৫ জন জিপিএ-৫ পেলেও শুধু ঢাকা বোর্ড থেকে পেয়েছে ১৭ হাজার ৭৮৬ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২৩৭ ঘ.
bdnews24